সর্বশেষ
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি, হুথিদের ১২১ যোদ্ধা হতাহত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলেও জানিয়েছে। একই সঙ্গে হুথিদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত পরিচালিত এসব হামলার মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা রয়েছে। সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বেশ কয়েকটি এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ চলছে। হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান এবং নতুন করে আসা শক্তিবৃদ্ধিকারী দলগুলোকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে সরকারি বাহিনী।

দেশটিতে চলমান সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা আরও বেড়েছে। সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। অন্যদিকে হুথিরাও সৌদি আরবের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ দাবি করেছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে এই হামলা ও হতাহতের খবর স্বাধীন বা নিরপেক্ষ কোনো সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আলজাজিরা, আরব নিউজ

 

শেয়ার করুন: