মজুরি বোর্ডে সমঝোতা হয়নি, ২২ হাজারে অনড় পোশাকশ্রমিকেরা
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতপার্থক্য কাটেনি। ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিকপক্ষ মাসিক সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার ব্যবধান থাকায় কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে বৈঠক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের এ তথ্য জানান।
সভায় পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরির হার নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ তৈরির বিষয়টিও ছিল আলোচ্যসূচিতে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা আলোচনা হয়। ওই সভায় মালিকপক্ষ মাসিক সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে পরদিনের বৈঠকে তারা ১৫ হাজার ৭০০ টাকার লিখিত প্রস্তাব দেয়।
অন্যদিকে, শ্রমিকপক্ষ শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানালেও আগের সভায় তা কমিয়ে ২২ হাজার টাকার প্রস্তাব দেয়। মঙ্গলবারের বৈঠকেও তারা একই দাবিতে অনড় থাকে।
বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
তবে নিজেদের প্রস্তাবগুলো আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে উভয় পক্ষ। ফলে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি এখনো অনিষ্পন্ন রয়ে গেছে।
