আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা
ন্যূনতম মজুরি, হাজিরা বোনাস ও টিফিন বিল বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’র ১৩ (১) ধারা প্রয়োগ করে ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়া একদিনের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে আরো সাতটি কারখানায়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিস সাঁটিয়ে দেওয়া হয়। সকালে কাজে যোগ দিতে এসে নোটিস দেখে অনেক শ্রমিক বাড়ি ফিরে যান। তবে শিল্পাঞ্চলের কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, নিশ্চিন্তপুর ও পুকুরপাড় এলাকার কয়েকটি পোশাক কারখানায় গত কয়েক দিন ধরে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ চলছে। ন্যূনতম মজুরি বাড়ানোর পাশাপাশি হাজিরা বোনাস ও টিফিন বিল বৃদ্ধির দাবিতে এসব কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা।
শ্রমিকদের কাজে ফেরাতে কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও তাতে পরিস্থিতির উন্নতি হয়নি। পরে কারখানার জানমাল ও নিরাপত্তা সুরক্ষার কথা বিবেচনা করে মালিকপক্ষ বন্ধের সিদ্ধান্ত নেয়। এ ক্ষেত্রে শ্রম আইনের ১৩ (১) ধারা প্রয়োগ করা হয়েছে, যা ‘কাজ নেই, মজুরি নেই’ নীতির ভিত্তিতে কার্যকর করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১’র পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বন্ধ ও ছুটির বিষয়ে বলেন, “এ পর্যন্ত ৪০টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’র ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর সাতটি পোশাক কারখানা আজকের (শনিবার) জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”
বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে- চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেড।
এদিকে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, “বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।”
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বর্তমানে অনেকটাই শান্ত। কিছু কারখানা বন্ধ ও কয়েকটিতে ছুটি ঘোষণা করা হলেও যেসব কারখানা চালু রয়েছে, সেখানে স্বাভাবিকভাবে কাজ চলছে।
তার ভাষায়, “বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তবুও কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবার বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে খোলা কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে।”
