আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩ লাখ টন ধান সংগ্রহ করবে সরকার। পাশাপাশি অভ্যন্তরীণ বাজার থেকে ৫ লাখ ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে ধান ও চাল সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৮ লাখ টন।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে আমন মৌসুমের সংগ্রহ লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, প্রতি কেজি ৩৫ টাকা দরে কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। অন্যদিকে, প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। এ ছাড়া ৪৮ টাকা কেজি দরে কেনা হবে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল।
সরকারি এই সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ১৪ নভেম্বর আমন ধান কেনার মধ্য দিয়ে। এরপর ১ ডিসেম্বর থেকে শুরু হবে চাল সংগ্রহ। ধান ও চাল কেনার পুরো কার্যক্রম চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
