সর্বশেষ
সব ক্যাটাগরি

জেলার খবর

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছে বিজিবির দুটি ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সহিংসতা, বিশৃঙ্খলা এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কাজ করছে বিজিবি।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।

 

শেয়ার করুন: