আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের বিএনপি কার্যালয়
ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামের ২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর কিছু সময় তারা ঘটনাস্থলে অবস্থান করে। পরে সেখান থেকে চলে যায়।
এদিকে আগুন লাগার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো সত্যতা নিশ্চিত হয়নি।
স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান জানান, রাত ২টার দিকে এক নারী বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পান। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ নেতাদের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বারবাজারের হাসিলবাগ গ্রামে বিএনপির একটি কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
