সর্বশেষ
সব ক্যাটাগরি

জেলার খবর

ট্রেনের যাত্রী আছে, আয় আছে, নেই ইঞ্জিন

১১ হাজার ৩৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার রেলপথে প্রতিদিন ২৮টি ট্রেন চালানোর সক্ষমতা থাকলেও বাস্তবে চলছে মাত্র ১০টি। যাত্রীদের ব্যাপক চাহিদা এবং এই রুট থেকে উল্লেখযোগ্য রাজস্ব আয় সত্ত্বেও প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচের অভাবে ট্রেনের সংখ্যা বাড়াতে পারছে না রেলওয়ে। এতে একদিকে পর্যটকদের রেলযাত্রার সুযোগ সীমিত থাকছে, অন্যদিকে আয় বাড়ানোর সম্ভাবনাও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

২০২৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। চালুর পর থেকেই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই যোগাযোগব্যবস্থা। তবে প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারিত পরিচালন সক্ষমতার তুলনায় ট্রেনের সংখ্যা অনেক কম রয়েছে। রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রতিদিন ১৪ জোড়া ট্রেন চালানোর সুযোগ থাকলেও বর্তমানে চলাচল করছে পাঁচ জোড়া।

বর্তমানে ঢাকা থেকে দুই জোড়া বিরতিহীন ও এক জোড়া আন্তনগর ট্রেন কক্সবাজারে যাতায়াত করছে। চট্টগ্রাম থেকে একটি র‍্যাক বা ইঞ্জিন ও বগিসহ একটি ট্রেন সেট দিয়ে দুই জোড়া ট্রেন পরিচালনা করা হয়। একই র‍্যাক দিয়ে একাধিক ট্রিপ চালানোর কারণে অনেক সময় সময়সূচি ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। চট্টগ্রাম থেকে চলাচলকারী ট্রেনটির আসন ও সেবার মান নিয়েও যাত্রীদের অসন্তোষ রয়েছে। বিশেষ করে এতে কোনো শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কেবিন বা আসন না থাকায় চট্টগ্রামের অনেক যাত্রী ট্রেনটিতে ভ্রমণে আগ্রহ দেখান না।

গত ২৬ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এতে রুটটিতে ট্রেনের সংখ্যা বেড়েছে। রেলওয়ের হিসাবে, এই সম্প্রসারণের ফলে বছরে আরও ৫০ কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

কক্সবাজার রুটের বাণিজ্যিক গুরুত্বের প্রমাণ পাওয়া যায় ২০২৫-২৬ অর্থবছরের আয় ও যাত্রী পরিবহনের পরিসংখ্যানে। ওই অর্থবছরে রেলওয়ের পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলো থেকে মোট ভাড়া আদায় হয়েছে প্রায় ৯৪৭ কোটি টাকা। এর মধ্যে কক্সবাজার রুটের চার জোড়া ট্রেনের অবদান ১৪০ কোটি ৭০ লাখ টাকা, যা মোট আয়ের প্রায় ১৫ শতাংশ। একই সময়ে এসব ট্রেনে যাতায়াত করেছেন ২৩ লাখ ৮০ হাজার যাত্রী। দৈনিক হিসাবে গড়ে প্রায় ৬ হাজার ৫২১ জন যাত্রী এই রুট ব্যবহার করেছেন।

ট্রেনের সংখ্যা বাড়ানো গেলে এই আয় আরও বাড়ানোর সুযোগ রয়েছে। পাশাপাশি পর্যটকদের যাতায়াতের বিকল্প তৈরি হবে এবং হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, পর্যটনসেবা ও স্থানীয় ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন বলে মনে করছেন রেলওয়ের কর্মকর্তারা।

তাঁদের মতে, শুধু বিদ্যমান ট্রেনের সংখ্যা বাড়ানোই নয়, চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচলকারী কয়েকটি ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের সুযোগ রয়েছে। এমন উদ্যোগ নেওয়া গেলে এসব জেলার সঙ্গে কক্সবাজারের যোগাযোগ বাড়বে। একই সঙ্গে কক্সবাজারের বাইরেও বিভিন্ন অঞ্চলের পর্যটন বিকাশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে।

তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় বাধা ইঞ্জিনের স্বল্পতা। রেলওয়ের পূর্বাঞ্চলে নিয়মিত ট্রেন পরিচালনার জন্য ১১৫ থেকে ১১৯টি ইঞ্জিন প্রয়োজন। কিন্তু বর্তমানে সচল রয়েছে মাত্র ৭০ থেকে ৭৫টি। ফলে ইঞ্জিনের অভাবে বিভিন্ন রুটে মাঝেমধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখতে হচ্ছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, কক্সবাজার রেলপথে যাত্রীদের প্রচুর চাপ। এ পথে নতুন ট্রেন চালু করা এবং বিদ্যমান রুটের ট্রেন কক্সবাজার পর্যন্ত নিয়ে যাওয়া প্রয়োজন। তাঁদেরও চেষ্টা আছে; কিন্তু পর্যাপ্ত ইঞ্জিন ও কোচের কারণে পরিকল্পনা অনুযায়ী ট্রেন চালানো সম্ভব হচ্ছে না।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, কক্সবাজার রেলপথের ট্রেনগুলোকে ঘিরে যাত্রীদের ব্যাপক চাহিদা আছে। কিন্তু অন্যান্য রুটেও ট্রেন চালাতে হয়। শুধু একটি রুটকে অগ্রাধিকার দিলে হবে না। রেলওয়ে গণপরিবহন হওয়ায় সব রুটের যাত্রীদের চাহিদার বিষয়ে নজর দিতে হয়। তবে ইঞ্জিন ও কোচ কেনার প্রক্রিয়া চলছে। সেগুলো রেলের বহরে যুক্ত হলে কক্সবাজার রুটে আরও ট্রেন চালানোর পরিকল্পনা আছে।

অন্যদিকে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি ও পরিবহনবিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া মনে করেন, রেলপথ নির্মাণের পাশাপাশি সেটি পরিচালনার জন্য প্রয়োজনীয় ইঞ্জিন, কোচ ও জনবলের বিষয়টিও পরিকল্পনায় রাখা জরুরি ছিল।

তিনি বলেন, শুধু রেললাইন করলেই হবে না; লাইন দিয়ে ট্রেন চালাতে কী পরিমাণ ইঞ্জিন-কোচ ও জনবল দরকার, তারও হিসাব করা দরকার ছিল। কিন্তু কক্সবাজার রেলপথ করার সময় এসব পরিকল্পনা করা হয়নি। পরিকল্পনার অভাবে শুধু যাত্রীরা বঞ্চিত হচ্ছেন তা নয়, রেলও রাজস্ব আয় বাড়াতে পারছে না।

ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যাত্রীসেবা নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ, পর্যাপ্ত জনবল এবং সময়মতো ট্রেন পরিচালনার ব্যবস্থাও প্রয়োজন। এসব সক্ষমতা নিশ্চিত না করে শুধু ট্রেন বাড়ালে সেবার মান ধরে রাখা কঠিন হবে। ফলে কক্সবাজার রেলপথের পূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগগত সম্ভাবনা কাজে লাগাতে ইঞ্জিন-কোচের সংকট কাটানোর পাশাপাশি পরিচালনব্যবস্থার উন্নয়নও জরুরি।

 

শেয়ার করুন: