সর্বশেষ
সব ক্যাটাগরি

জাতীয়

সবাই এক থাকলে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস কেউ পাবে না

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস কেউ পাবে না।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের বিদায়ে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।

স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে বলে উল্লেখ করেন সরকারপ্রধান। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার অপচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের প্রসঙ্গ স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন তিনি।

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্ম ও ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই এই বাহিনী গঠিত হয়েছিল।

সশস্ত্র বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধা ও কল্যাণের বিষয়েও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’সহ বাহিনীর সদস্যদের জন্য সব ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে নিজের পারিবারিক স্মৃতির কথাও তুলে ধরেন তারেক রহমান। বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা এই বাহিনীর জন্যও গর্বের।

প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করতে গিয়ে তারেক রহমান বলেন, ‘আমার মা এই ক্যান্টনমেন্টেই তার জীবনের প্রায় সব কটি বছর কাটিয়েছিলেন। তিনি কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনো বিরোধীদলীয় নেত্রী হিসেবে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সগৌরবে অংশগ্রহণ করেছেন।’

বক্তব্যের একপর্যায়ে উপস্থিত সবার কাছে মায়ের জন্য দোয়া চান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। আমি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি।’

শেয়ার করুন: