সর্বশেষ
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক

আজ ঢাকায় আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

মিয়ানমারের চলমান মানবাধিকার সংকট এবং এর প্রভাব সরেজমিনে মূল্যায়ন করতে আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকায় আসছেন দেশটির মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে বিশেষ র‌্যাপোর্টিয়ার রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি সংকট মোকাবিলায় ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখবেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেলি ই. কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, তার সফর আয়োজনের জন্য তারা প্রস্তুত নয়। এ কারণে বাংলাদেশ সফরের মাধ্যমে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। সেখানে রোহিঙ্গাদের জীবনযাপন, নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সফর শেষে আগামী ১৮ নভেম্বর ঢাকায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার।

উল্লেখ্য, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংগৃহীত তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে কেলি ই. কারি আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।

শেয়ার করুন: