সর্বশেষ
সব ক্যাটাগরি

চিত্র বিচিত্র

ব্রিটিশ শোষণের নীরব সাক্ষী কার্পাসডাঙ্গার নীলকুঠি, অবহেলায় হারাচ্ছে ইতিহাস

নীল বিদ্রোহ ও নীলকুঠির ইতিহাস বহু পুরোনো। একসময় ব্রিটিশ শাসিত ভারতবর্ষের অবিভক্ত বাংলার বিস্তীর্ণ অঞ্চলে নীল চাষ ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এসব নীলকুঠি। সময়ের পরিক্রমায় অধিকাংশ স্থাপনা হারিয়ে গেলেও কোথাও কোথাও এখনো টিকে আছে সেসবের ধ্বংসাবশেষ। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে ভৈরব নদীর তীরে তেমনই একটি নীলকুঠির স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে দুটি স্তম্ভসদৃশ কাঠামো। ব্রিটিশদের শোষণ-নিপীড়নের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে থাকা এই ধ্বংসাবশেষ স্থানীয়ভাবে ‘নীলকুঠি’ নামে পরিচিত।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, নীল চাষ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাণিজ্যের উদ্দেশ্যে ব্রিটিশরা কার্পাসডাঙ্গায় এই নীলকুঠি প্রতিষ্ঠা করে। ব্রিটিশ বণিক ফ্রেডারিক অ্যাসকল তৎকালীন কাসিমবাজার নবাব স্টেটের কাছ থেকে পত্তনি সূত্রে সম্পত্তি লাভের পর এখানে প্রথম কুঠি প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। পরবর্তী সময়ে এটি বৃহৎ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। এই কুঠির কার্যক্রম চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং ভারতের নদীয়া জেলার রানাঘাট পর্যন্ত বিস্তৃত ছিল।

প্রায় ১৩ হাজার ২০০ বিঘা জমিতে এখানে নীল উৎপাদন করা হতো। এই চাষাবাদের সঙ্গে যুক্ত ছিলেন বিপুলসংখ্যক কৃষক ও কর্মচারী। নীলকরদের স্বার্থ রক্ষায় কৃষকদের নীল চাষে বাধ্য করা, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা এবং নানা ধরনের নির্যাতনের ঘটনা উপমহাদেশের ইতিহাসে এক আলোচিত অধ্যায় হয়ে আছে।

১৮৬০-৬১ সালের নীল বিদ্রোহের পর প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় ১৮৬১ সালে চুয়াডাঙ্গা মহকুমা প্রতিষ্ঠিত হলে এই নীলকুঠিতেই প্রথম মহকুমা সদর দপ্তর স্থাপন করা হয়। ফলে নীল চাষ ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত এই স্থাপনাটি পরবর্তী সময়ে প্রশাসনিক ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে নীলকুঠির মূল স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। বর্তমানে এর প্রবেশপথের দুটি স্তম্ভসদৃশ কাঠামো ছাড়া আর কিছুই দৃশ্যমান নেই। দীর্ঘ ইতিহাসের ধারক এই স্থাপনাটির অধিকাংশই হারিয়ে গেলেও অবশিষ্ট কাঠামো দুটি এখনো অতীতের স্মৃতি বহন করে চলেছে।

স্থানীয় সচেতন মহল মনে করে, অবশিষ্ট স্থাপনাগুলো দ্রুত সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত আটচালা ঘরসহ আরও কয়েকটি ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এসব নিদর্শনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া গেলে এলাকাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা।

কার্পাসডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাধন কুমার বলেন, ‘ব্রিটিশ আমলে নীলকুঠির বিস্তীর্ণ এলাকায় নানা ধরনের স্থাপনা ছিল। বর্তমানে ওই এলাকার বিভিন্ন অংশে স্কুল-কলেজ ও জনবসতি গড়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এখান দিয়ে চলাচল করলেও অবশিষ্ট স্তম্ভ দুটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অনেকেই জানেন না।’

ছালাউদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘পুরোনো স্থাপনা একবার ধ্বংস হয়ে গেলে তা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মাধ্যমে অবশিষ্ট কাঠামো দুটির ইতিহাস ও গুরুত্ব যাচাই করে যথাযথ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত।’

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম বিশ্বাস বলেন, ‘প্রাচীন এই স্তম্ভসদৃশ কাঠামো দুটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। দীর্ঘদিন ধরে এগুলো অযত্ন ও অবহেলায় পড়ে আছে। নতুন প্রজন্মের কাছে এলাকার ইতিহাস তুলে ধরতে স্থাপনা দুটি সংস্কার ও সংরক্ষণ করা জরুরি।’

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবলী ইয়াসমিন বলেন, ‘কার্পাসডাঙ্গার প্রাচীন স্থাপনা দুটি সংরক্ষণের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। স্থাপনাগুলোর ঐতিহাসিক গুরুত্ব ও প্রত্নতাত্ত্বিক পরিচয় যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হবে।’

ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বহনকারী কার্পাসডাঙ্গার এই নীলকুঠি আজ প্রায় বিলুপ্তির পথে। অবশিষ্ট দুটি স্তম্ভ যথাযথভাবে সংরক্ষণ করা গেলে শুধু একটি প্রাচীন স্থাপনার স্মৃতিই রক্ষা পাবে না, নতুন প্রজন্মও জানতে পারবে নীল চাষ, ব্রিটিশ শাসন, কৃষকের শোষণ এবং এই অঞ্চলের প্রশাসনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো।

শেয়ার করুন: