সর্বশেষ
সব ক্যাটাগরি

রাজধানী

ঢাকায় অটোরিকশা ধর্মঘট, চলাচলে বাধা ও ভাঙচুর

নতুন নীতিমালায় লাইসেন্স ফি নির্ধারণ ও অটোরিকশা পরিচালনার সীমাবদ্ধতার প্রতিবাদে রাজধানীতে ধর্মঘট পালন করছেন চালকরা। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। ধর্মঘটের মধ্যে রাস্তায় বের হওয়া কয়েকটি অটোরিকশায় হামলা ও চলাচলে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

সকাল থেকেই ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশার চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ধর্মঘটের সমর্থনে চালকরা গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেন। কোথাও দু-একটি অটোরিকশা চলতে দেখা গেলেও সেগুলো আটকে দেওয়া হয়। এ সময় কোনো কোনো অটোরিকশার হেডলাইট ভাঙচুর এবং ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ঘটে।

চালকদের অভিযোগ, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একজন চালককে পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানও রয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদেই তারা ধর্মঘটের ডাক দিয়েছেন।

সকাল ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে জড়ো হন ধর্মঘটে অংশ নেওয়া চালকরা। সেখানে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

এরপর সোয়া ৯টার দিকে দয়াগঞ্জ মোড়ে দুই স্কুলছাত্রীকে বহনকারী একটি অটোরিকশা হামলার শিকার হয়। এক ব্যক্তি সেটির হেডলাইটে আঘাত করলে তা ভেঙে যায়। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই ছাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। পরে এ নিয়ে চালকের সঙ্গে ওই ব্যক্তির প্রথমে বাগবিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতি হয়।

এ ছাড়া মুরগিটোলা মোড়ে তিন থেকে চারটি অটোরিকশা আটকে সেগুলোর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাজধানীর অন্যান্য এলাকাতেও অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।

ধর্মঘটের প্রভাব পড়ে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী মানুষের যাতায়াতে। বিভিন্ন মোড়ে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। সকালে বের হয়ে অটোরিকশা না পেয়ে কেউ কেউ দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।

যাত্রাবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অফিস করতে যাওয়া এক কর্মকর্তা নিজের ভোগান্তির কথা জানিয়ে বলেন, ‘রাস্তায় এসে দেখি অটোরিকশা চলাচল বন্ধ। এখন বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।’

ধর্মঘটের কারণে একদিকে যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে সড়কে অটোরিকশা আটকে দেওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

শেয়ার করুন: