যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছিল মাস্কের স্টারলিংক
আধুনিক যুদ্ধক্ষেত্রে স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আক্রমণ চালানোর সময় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছিল বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানে স্টারলিংক ব্যবহার করেছিল। অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ড ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করছিল। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
ইরানের সামরিক অভিযানে স্টারলিংকের ব্যবহার
প্রতিবেদনে বলা হয়, মার্চের প্রথম সপ্তাহে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।
ওই সময় স্টারলিংকের অননুমোদিত দুটি ব্যবহারের খবর জানতে পারেন ইলন মাস্ক। কোম্পানির অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে ইরান স্টারলিংক ব্যবহার করছে বলে জানতে পারে মাস্কের দল।
অভিযান সম্পর্কে অবগত চার ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের এমন তথ্য এর আগে প্রকাশ্যে আসেনি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। ওই হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দেওয়া এক গোপন সামরিক আপডেটে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের প্রচলিত যোগাযোগব্যবস্থা অকার্যকর করার চেষ্টা করা হয়েছিল। এ পরিস্থিতিতে বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে স্টারলিংক ব্যবহার করে ইরান। এর মাধ্যমে সেনাদের কমান্ড ও নিয়ন্ত্রণ এবং একমুখী ড্রোন পরিচালনার কাজ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে পেন্টাগনের মুখপাত্র কিংসলে উইলসন বলেন, এ বিষয়ে সেন্ট্রাল কমান্ডের কোনো প্রতিবেদনের অস্তিত্ব সম্পর্কে তারা অবগত নন। ইরানের স্টারলিংক ব্যবহার কিংবা স্টারশিল্ডের মূল্যসংক্রান্ত বিষয়ে মন্তব্য করতেও তিনি রাজি হননি। সেন্টকমও বিস্তারিত প্রশ্নের উত্তর দেয়নি।
মার্কিন সামরিক বাহিনীর ব্যবহারেও অসন্তুষ্ট মাস্ক
ইরানের ব্যবহারের পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীর স্টারশিল্ড ব্যবহারের ধরন নিয়েও অসন্তুষ্ট ছিলেন মাস্ক।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী কম খরচের ‘লুকাস’ আক্রমণাত্মক ড্রোন পরিচালনায় স্টারশিল্ডের এমন একটি প্যাকেজ ব্যবহার করছিল, যা মূলত স্থল অভিযানের জন্য নির্ধারিত ছিল। অথচ আকাশপথে ব্যবহারের উপযোগী প্যাকেজের খরচ ছিল এর তুলনায় পাঁচ গুণ বেশি।
এ নিয়ে গত ১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন মাস্ক। তিনি জানান, অস্ত্রব্যবস্থায় টার্মিনাল ব্যবহার করা বাণিজ্যিক স্টারলিংকের নীতিমালার লঙ্ঘন। এ নিয়ম সব ব্যবহারকারীর জন্য সমান এবং লঙ্ঘন শনাক্ত হলে সংশ্লিষ্ট সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
পরে মে মাসে স্পেসএক্স ও পেন্টাগনের মধ্যকার বিরোধ প্রকাশ্যে আসে। এক অভ্যন্তরীণ বৈঠকে মাস্ক অভিযোগ করেন, পেন্টাগন সামরিক উদ্দেশ্যে স্টারলিংকের বেসামরিক ব্যবস্থার ব্যবহার করছে।
রুশ ড্রোন ঠেকাতে ইউক্রেনে বিশেষ ব্যবস্থা
স্টারলিংকের অননুমোদিত সামরিক ব্যবহার নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। এর আগে গত জানুয়ারিতে স্টারলিংক টার্মিনালযুক্ত রুশ ‘ইতালমাস’ ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
এরপর ইউক্রেনীয় বাহিনীর অনুরোধে স্পেসএক্স দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। প্রথমত, ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি গতিতে চলা টার্মিনালগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দ্বিতীয়ত, অনুমোদিত ডিশগুলোর একটি হোয়াইটলিস্ট বা বৈধ ব্যবহারকারীর তালিকা তৈরি করা হয়।
ইউক্রেনের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের উপদেষ্টা সেরহিল স্টারনেনকোর মতে, এই উদ্যোগ রুশ ড্রোন অভিযান প্রতিহত করতে কার্যকর ভূমিকা রেখেছিল।
তবে ইউক্রেনীয় নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাশিয়া এখনো ইউক্রেনীয় নাগরিকদের নিয়োগ করে নিবন্ধিত স্টারলিংক অ্যাকাউন্টের নাগাল পাওয়ার চেষ্টা করছে।
পরিচয় যাচাইয়ে কঠোর স্পেসএক্স
পোর্ট শুয়াইবায় হামলার কয়েক ঘণ্টার মধ্যেই স্টারলিংক ব্যবহারে নতুন নিয়ম চালু করে স্পেসএক্স। ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিতে চলাচলকারী বিমানে স্টারলিংক ব্যবহারের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয় ব্যবহারকারীর পরিচয় যাচাই।
২ মার্চ এ বিষয়ে ই-মেইল পান যুক্তরাষ্ট্রের শার্লটের এক বেসরকারি পাইলট। নতুন নিয়মে পাইলটদের পাসপোর্ট, লাইসেন্স ও বিমানের তথ্য জমা দিতে হয়। পাশাপাশি মাসিক ফি ৬০ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার করা হয়।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওই পাইলট বলেন, স্টারলিংক ডিশের দাম চার গুণ বাড়ানো এবং নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের নতুন শর্তে ব্যবহারকারীরা অসন্তুষ্ট হয়েছিলেন।
এপ্রিল মাসে তৃতীয় পক্ষের বিক্রেতাদের ক্ষেত্রেও গ্রাহকের পরিচয় যাচাইয়ের নিয়ম কঠোর করে স্পেসএক্স। একই সঙ্গে স্থগিত করা হয় তাদের ‘ইনডাইরেক্ট রিসেলিং প্রোগ্রাম’ বা পরোক্ষ বিক্রয় কর্মসূচি।
কোম্পানির সাপোর্ট পেজে জানানো হয়, আগের বিক্রয়ব্যবস্থায় নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে ঝুঁকি ছিল। পাশাপাশি ডিভাইসটি শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে, তা নিশ্চিতভাবে জানা সম্ভব হচ্ছিল না।
স্যাটেলাইট শিল্পের দুই নির্বাহীর মতে, আগে শুধু ক্রেডিট কার্ড ব্যবহার করেই ১৬০টির বেশি দেশে স্টারলিংক ডিভাইস চালু করা যেত। ফলে এক দেশে সংযোগ সক্রিয় করে অন্য দেশে তা পাচার করার সুযোগ ছিল।
ইরানে ইন্টারনেট বন্ধ করা নিয়ে উভয়সংকটে যুক্তরাষ্ট্র
ইরানে স্টারলিংকের ব্যবহার বন্ধ করা নিয়েও জটিল পরিস্থিতির মুখে পড়েছে স্পেসএক্স ও যুক্তরাষ্ট্র।
গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউট চালু করা হলে স্পেসএক্স বিনা মূল্যে স্টারলিংক সংযোগ দিয়েছিল বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর মাধ্যমে সাধারণ নাগরিক ও ভিন্নমতাবলম্বীরা সরকারি সেন্সরশিপ এড়িয়ে তথ্য আদান-প্রদান করতে পেরেছিলেন।
ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো হলি ডাগ্রেস বলেন, ইরানে কী ঘটছে, তা বিশ্বকে জানানোর ক্ষেত্রে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমই নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
তার মতে, ট্রাম্প প্রশাসন সম্ভবত এ কারণেই ইরানে স্টারলিংকের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করতে চায় না। কারণ, তেহরানে মার্কিন দূতাবাস নেই এবং সাংবাদিকদেরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ সীমিত। ফলে মাঠপর্যায়ের পরিস্থিতি বোঝার জন্য এই সংযোগ গুরুত্বপূর্ণ।
কিন্তু সেবা চালু রাখলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) সামরিক প্রয়োজনে স্টারলিংক ব্যবহার করতে পারে। আবার পুরো দেশে সংযোগ বন্ধ করে দিলে সাধারণ নাগরিক ও সরকারবিরোধী আন্দোলনকারীরাও ক্ষতিগ্রস্ত হবেন।
স্যাটেলাইট শিল্পের এক নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুক্তরাষ্ট্র ও স্পেসএক্সের সামনে এখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে নাগরিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করা, অন্যদিকে সামরিক বাহিনীর হাতে প্রযুক্তিটির ব্যবহার ঠেকানো—দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ।
তিনি ইউক্রেনের হোয়াইটলিস্ট ব্যবস্থাকে কার্যকর কৌশল হিসেবে উল্লেখ করলেও বলেন, ইরানের ক্ষেত্রে এমন কোনো নির্ভরযোগ্য কর্তৃপক্ষ নেই, যাদের হাতে অনুমোদিত ব্যবহারকারীর তালিকা পরিচালনার দায়িত্ব দেওয়া যায়। ফলে কাকে বিশ্বাস করা হবে, সেটিই বড় প্রশ্ন।
আরেক নির্বাহীর আশঙ্কা, ভিন্নমতাবলম্বীদের সহায়তার জন্য স্টারলিংক চালু রাখা হলে ইরানি কর্তৃপক্ষ টার্মিনালগুলো জব্দ করে নিজেরাই সামরিক কাজে ব্যবহার করতে পারে।
নিষেধাজ্ঞা এড়িয়ে প্রযুক্তি সংগ্রহে ইরানের সক্ষমতা
ইরানের প্রযুক্তি সংগ্রহ ও নিষেধাজ্ঞা এড়িয়ে পণ্য আমদানির কৌশল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ট্রেজারি বিভাগের সাবেক আইনজীবী এবং স্টেপটো ল ফার্মের অংশীদার ক্যারি স্টেইনবাওয়ার।
তিনি বলেন, তৃতীয় কোনো নিরপেক্ষ দেশে অনেক সময় এমন ছদ্মবেশী কোম্পানি থাকে, যেগুলোকে বাইরে থেকে বৈধ ব্যবসাপ্রতিষ্ঠান মনে হলেও প্রকৃতপক্ষে তারা নিষেধাজ্ঞার আওতায় থাকা পক্ষগুলোর হয়ে পণ্য কেনে। এ ধরনের নেটওয়ার্ক পরিচালনায় ইরান বেশ দক্ষ।
তার ভাষ্য অনুযায়ী, আইআরজিসি ও কুদস ফোর্সের সঙ্গে সংশ্লিষ্ট এসব ছদ্মবেশী কোম্পানি দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে সক্রিয়। ফলে মার্কিন রপ্তানিকারকদের বিভ্রান্ত করে প্রযুক্তি ও পণ্য সংগ্রহ করা তাদের পক্ষে সহজ হয়। এসব নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করাও অত্যন্ত কঠিন।
সব মিলিয়ে স্টারলিংককে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে, স্যাটেলাইট ইন্টারনেট এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়; আধুনিক যুদ্ধ, সামরিক নিয়ন্ত্রণ এবং ভূরাজনৈতিক কৌশলেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। একই প্রযুক্তি একদিকে সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করছে, অন্যদিকে সামরিক অভিযানে ব্যবহারের ঝুঁকিও তৈরি করছে।
তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস
