মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নিরাপদ অভিবাসন ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-ইতালি একমত

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ২১, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বিশেষ করে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশ আরও নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা/মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখছে। আমরা ইতালির সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে আগ্রহী।”

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জানান, তার দেশের বর্তমান সরকার অবৈধ অভিবাসন প্রতিরোধে অত্যন্ত কঠোর এবং বৈধ ও নিরাপদ অভিবাসনের পথ প্রশস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, আগামী জুন মাস থেকে ইতালিতে একটি নতুন অভিবাসন নীতি কার্যকর হতে যাচ্ছে। এই নীতির ফলে একদিকে যেমন নিরাপদ অভিবাসন নিশ্চিত হবে, অন্যদিকে অবৈধ অভিবাসীদের দ্রুত ও সহজ প্রক্রিয়ায় নিজ দেশে ফেরত পাঠানোর পথ সুগম হবে।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে দক্ষ কর্মী নিয়োগ ও শ্রমবাজারের উন্নয়ন নিয়ে গঠিত ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’-এর পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে। এর আগে গত বছরের জুলাইয়ে প্রথম সভাটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির অভ্যন্তরীণ মন্ত্রীর পক্ষ থেকে একটি অভিনন্দন বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন এবং তাঁকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী চলতি বছরের সুবিধাজনক সময়ে ইতালি সফরের সম্মতি প্রদান করেন।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইতালি দূতাবাসের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - সাহিত্য