মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের কারণেই এমন সিদ্ধান্ত বলে দাবি করেছেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘নৌ-অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা এবং সব ফ্রন্টে ইসরায়েলি যুদ্ধংদেহী কর্মকাণ্ড বন্ধ না হলে যুদ্ধবিরতি অর্থবহ হবে না।’তিনি আরও দাবি করেন, চলমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়, কারণ এটি যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘনের শামিল হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখনও আলোচনায় আগ্রহী, তবে অঙ্গীকার ভঙ্গ, অবরোধ ও হুমকি প্রকৃত সংলাপের প্রধান বাধা। এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে জড়িত দুটি সূত্র জানিয়েছে, কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে ইরানকে একটি নতুন প্রস্তাব দেওয়ার জন্য সীমিত সময় দেওয়ার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বার্তা ইরানের কাছে পৌঁছেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিবভ্যাট জানান, এই সম্প্রসারণের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধে সন্তুষ্ট।
তিনি আরও বলেন, ‘বর্তমানে সব সিদ্ধান্তই প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। তিনি যুক্তরাষ্ট্র ও তার জনগণের স্বার্থ অনুযায়ী উপযুক্ত সময়েই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবেন।’
সূত্র: বিবিসি ও আল জাজিরা।











