গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জ্বলছে পুলিশের গাড়ি
গাজীপুরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মহানগরীর ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় শ্রমিকরা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েন হাজার হাজার যাত্রী। চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় মহাসড়কে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে গাজীপুর মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। মহাসড়কে অবরোধ ও সংঘর্ষের কারণে পুরো এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।
