সর্বশেষ
সব ক্যাটাগরি

অর্থনীতি

আলাদা শপিং অ্যাপ চালু করল টিকটক

ই-কমার্স বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এশিয়ার চারটি দেশে স্বতন্ত্র ‘টিকটক শপ’ অ্যাপ চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এর মাধ্যমে অ্যামাজন ও টিমুর মতো প্রতিষ্ঠিত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি প্রতিযোগিতায় নামতে চাইছে কোম্পানিটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে নতুন এই অ্যাপ চালু করা হয়েছে। দেশগুলোর ব্যবহারকারীরা আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

নতুন টিকটক শপ অ্যাপে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী পণ্যের সুপারিশ পাওয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি লাইভস্ট্রিম ও ছোট ভিডিওর মাধ্যমে সরাসরি পণ্য কেনাকাটা করা যাবে। এতে অর্ডার ট্র্যাকিং এবং গ্রাহকসেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

মূল টিকটক অ্যাপের পরিবর্তে স্বতন্ত্র শপিং অ্যাপ ব্যবহারে ক্রেতাদের উৎসাহিত করতে বিশেষ ছাড়, বিনামূল্যে পণ্য সরবরাহ এবং নিরাপদ পেমেন্টের মতো সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, আলাদা শপিং অ্যাপ চালুর মাধ্যমে অনলাইন কেনাকাটার বাজারে নিজেদের উপস্থিতি আরও বিস্তৃত করতে চাইছে টিকটক। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল ই-কমার্স বাজারে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন: