সর্বশেষ
সব ক্যাটাগরি

প্রধান লিড

‘আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপন করবে বাংলাদেশ’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপন করবে বাংলাদেশ। বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের তারুণেরা আকাশ জয় করতে পারবে।

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটো লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে জেলার উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থার আধুনিকায়নসহ দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন আশার সঞ্চার হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কয়েক দিন ধরেই লালমনিরহাট শহরে চলছে নানা প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে। কোথাও কোথাও তুলে ধরা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শিল্প ও কারুকাজ।

সফরসূচি অনুযায়ী, এরপর সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

পরে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্যোগে আয়োজিত ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফর ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। জেলাবাসীর আশা, এই সফরের মাধ্যমে দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটিয়ে জেলার সার্বিক অগ্রগতি এবং বিদ্যমান সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন: