মাটির নিচে বিশাল নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে। এতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানায়, উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি।
এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, ‘আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স সপ্তাহ’ উপলক্ষে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরসহ বেশ কয়েকটি সামরিক অর্জন উন্মোচন করা হবে।
মোহেব্বি জানান, আইআরজিসি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন লাইনগুলো ভূপৃষ্ঠের স্থাপনা থেকে দ্রুত ভূগর্ভে সরিয়ে নিয়েছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্যই নয়, মাটির অনেক গভীরে গড়ে তোলা হয়েছে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশেষ অবকাঠামোও।
তিনি আরও বলেন, ইরানের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা, বিশাল ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে।
এদিকে নতুন এই ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের মধ্য দিয়ে নিজেদের ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি সামনে আনল ইরান।
