সর্বশেষ
সব ক্যাটাগরি

প্রধান লিড

আদালত প্রাঙ্গণসহ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তরা ও মিরপুরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ এবং ফার্মগেটে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে আকস্মিক এসব নাশকতার ঘটনায় রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে অগ্নিসংযোগের ঘটনার পরপরই যাত্রীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রো স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, প্রায় একই সময়ে ঢাকার সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিএমএম হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মোর্শেদ আলম জানান, আদালত এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরপরই উপস্থিত জনতা ধাওয়া দিয়ে ফয়সাল ও সুকুমার নামের দুজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে আটককৃতদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আদালত প্রাঙ্গণ থেকে আটককৃত ওই দুজন কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সদস্য। তাদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া নাশকতার অভিযোগে শ্যামপুর এলাকা থেকেও আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদালত প্রাঙ্গণ ছাড়াও রাজধানীর আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া উত্তরার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় এবং মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রাজধানীজুড়ে আকস্মিক এসব নাশকতার ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

শেয়ার করুন: