পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডিসহ অন্যান্য সেবা দ্রুততার সাথে প্রদানের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, সে রকম কোনো রিপোর্ট যেন না আসে সে বিষয়ে কাজ করা হচ্ছে।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশে একটা সাইবার ইউনিট করা জরুরি। এ বিষয়ে সাইবার ও ফিন্যান্সিয়াল অপরাধ দমনে সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। এছাড়া সেখানে একজন অ্যাডিশনাল আইজিপি লেভেলের কর্মকর্তাকে প্রধান করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব এবং সামাজিক বাস্তবতায় পুলিশিং এখন আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। পুলিশকে জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে, জনগণের প্রকৃত বন্ধু হতে হবে।
এদিকে জঙ্গল সলিমপুরে সরকার ২টি বড় প্রশিক্ষণ একাডেমি করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী, যার একটি এলিট ফোর্সের জন্য করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে বিভিন্নভাবে আমাদেরকে কিছু বিষয়ে বিব্রত হতে হয়েছে। সেটি কাটিয়ে ওঠার জন্য পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে বিগত দুই থেকে আড়াই মাসে। এবং ভাবমূর্তি ফিরিয়ে আনতে পেরেছেন বলে আমরা মনে করি। এছাড়া এই ভাবমূর্তি পুলিশ ধরে রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
এছাড়া পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। টুরিস্ট পুলিশের সিনিয়র অফিসার, আইজিপি সবাই মিলে আবার একটা সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।









