নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার: রয়টার্স
ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর তাঁর এই আবেদনকে দেশে ফেরার প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার পক্ষে একটি চিঠি পাঠানো হয়।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ তাঁর পক্ষে চিঠিটি পাঠায়। এতে আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ না করে বাতিল করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর শেখ হাসিনার এই আবেদনকে তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তিনি ঠিক কবে দেশে ফিরবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তারিখ জানা যায়নি।
২০২৪ সালে ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। আন্দোলন দমনে প্রাণঘাতী পদক্ষেপের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
