শনিবার , ৭ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আজ ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৭, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদার সাথে দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারিভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এক পরিপত্রে জানানো হয়েছে, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাসগুলোতে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় আজ সারাদেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে। সরকারি ছুটির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সব তফসিলি ব্যাংক এবং বিজিএমইএ-এর ঘোষণায় আজ দেশের সব তৈরি পোশাক কারখানাও বন্ধ রয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। আজ সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের সিনিয়র নেতারা।

এরপর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র‍্যালির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পর শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। ঢাকার পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও মহানগরেও আজ অনুরূপ র‍্যালি এবং অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার যুগান্তকারী বিপ্লবে অংশগ্রহণকারী সকল বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি, বৈষম্য ও সকল ষড়যন্ত্রের অবসান ঘটাতে হবে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, যেখানে জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চা পাবে সর্বোচ্চ অগ্রাধিকার।

তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সাল ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। ২০২৪ সালে যেভাবে সর্বস্তরের মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় রাজপথে নেমে এসেছিল, একইভাবে ১৯৭৫ সালেও সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল।

ভবিষ্যতে যাতে কেউ দেশ ও জনগণের অধিকার হরণ করতে কিংবা দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার হওয়া উচিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - সাহিত্য